বয়স ৩৮ ছুঁইছুঁই, তবুও শ্রেষ্ঠত্বের আলোয় একটুও ম্লান হননি লিওনেল মেসি। অন্তত এমনটাই মনে করেন রোনালদিনিয়ো। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও মেসিকেই ফুটবল বিশ্বের সেরা বলে মনে করেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনিয়ো বলেন, ‘সে (মেসি) এখনও বিশ্বের সেরা। আমি আশা করি, সে দারুণ ফর্ম নিয়েই বিশ্বকাপে অংশ নেবে এবং আমাদের মতো সমর্থকদের দারুণ কিছু উপহার দেবে।’
বর্তমান ফুটবল দুনিয়ায় কিলিয়ান এমবাপ্পের গতি, ভিনিসিউস জুনিয়রর ড্রিবলিং কিংবা লামিন ইয়ামালর উত্থান আলোচনার কেন্দ্রে থাকলেও রোনালদিনিয়োর চোখে তাদের কেউই মেসির সমতুল্য নন। তার কাছে শ্রেষ্ঠত্বের সিংহাসনে এখনও একচ্ছত্র আধিপত্য মেসিরই।
এই বিশ্বাসের পেছনে রয়েছে এক বিশেষ সম্পর্কের গল্পও। বার্সেলোনার জার্সিতে প্রায় সাড়ে তিন বছর একসঙ্গে খেলেছেন দুজন। তখন মেসি ছিলেন উদীয়মান এক তরুণ, আর রোনালদিনিয়ো ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। সেই সময় থেকেই গড়ে ওঠে তাদের গভীর বন্ধন।
সেই সম্পর্কের উষ্ণতা এখনও অটুট। রোনালদিনিয়ো বলেন, ‘যখনই আমাদের একসঙ্গে হওয়ার সুযোগ হয়, সেটা দারুণ আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়ায়।’
বর্তমানে মেসি খেলছেন ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সামনে হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, যেখানে আরেকবার জাদু দেখানোর অপেক্ষায় আছেন সমর্থকরা, আর সেই অপেক্ষার সারিতে আছেন রোনালদিনিয়োও।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। এই আসর নিয়ে দারুণ রোমাঞ্চিত রোনালদিনিয়ো। তার ভাষায়, ‘সবগুলো দলই এখন খুব শক্তিশালী। তাই এবারের আসরটি আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।’
গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল খেলবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে। ইতিহাস বলছে, অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার অভিজ্ঞতা থাকলেও জর্ডানের মুখোমুখি কখনও হয়নি আর্জেন্টিনা।
সবমিলিয়ে, নতুন প্রজন্মের উত্থান যতই জোরালো হোক, রোনালদিনিয়োর চোখে ফুটবলের আসল জাদুকর এখনও একজনই; আর তিনি লিওনেল মেসি।