মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এখন অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার (৬ মে) রাতে এ কথা জানান তিনি।
আফরোজা আব্বাস বলেন, আল্লাহর রহমতে এখন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন তাকে থেরাপি দেওয়া হচ্ছে। এ সময় মির্জা আব্বাসের জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চান আফরোজা আব্বাস।
অসুস্থ হওয়ার পর এ প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের একটি ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন মির্জা আব্বাস। তার পাশে রয়েছেন আফরোজা আব্বাস ও ছোট ভাই মির্জা খোকনসহ পরিবারের অন্য সদস্যরা। আফরোজা আব্বাস জানান, এই ছবিটি বুধবার তোলা হয়েছে।
এর আগে, সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে ফিজিওথেরাপির দেওয়ার জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।