বিজেপির প্রবীণ নেতা ও নবনির্বাচিত বিধায়ক দিলীপ ঘোষ বলেছেন, ‘বুলডোজার’ ভয় বা আতঙ্কের প্রতীক নয়। এটি বরং সিস্টেমকে ঠিক করার জন্য ‘পরিবর্তনের’ প্রতীক।
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের খড়গপুর সদর আসন থেকে জয়ী বিজেপির এই নেতা বুধবার (৬ মে) এমন মন্তব্য করেন বলে জানিয়েছে পিটিআই।
দিলীপ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার যেকোনো ধরনের সহিংসতা কঠোর হাতে দমন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১৫ বছরের ‘অপশাসন ও নৃশংসতার’ পর এই গণরায় শান্তি, অগ্রগতি এবং উন্নয়নের পক্ষে বলে দাবি তার।
বিজেপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, উন্নয়নের পথের বাধাগুলো অপসারণের প্রতীক হলো বুলডোজার। বুলডোজার আনা হয়েছে পরিবর্তনের জন্য। যারা অপরাধ করেছে, তাদের অপকর্মের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে এবং দুর্নীতি ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলো পিষে ফেলতেই বুলডোজার চলবে।
‘তাই বুলডোজারকে ভয় বা আশঙ্কার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না,’ যোগ করেন দিলীপ।
গত মঙ্গলবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকায় নির্বাচনী জয় উদযাপনের সময় একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলেছে, সেটির সঙ্গে নিজের মন্তব্যকে সরাসরি যুক্ত করেননি দিলীপ।
তৃণমূলের দাবি, ওই কাজ ‘বিজেপির কর্মীরা’ করেছে।
এর প্রতিক্রিয়ায় বুধবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রায় ৩০০ বিজেপি কর্মী-সমর্থক নিহত হন দাবি করে দিলীপ বলেন, “আমরা প্রতিশোধ নয়, পরিবর্তনে বিশ্বাস করি। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বা কুণাল ঘোষদের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্য তুলনা করে দেখুন, যারা আমাদের কর্মীদের হত্যাকাণ্ডকে ‘জনরোষ’ বলে বৈধতা দিয়েছিলেন।”