বিশ্বকাপ ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে শিরোপা লড়াইয়ের হিসাব-নিকাশ। বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই সম্ভাবনা ধরা হয়েছে ১৬.৭ শতাংশ।
ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে ঘিরে আত্মবিশ্বাস অনেক বেশি। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে শক্তিশালী দল গড়ে তুলেছে তারা। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে আবারও ভয়ঙ্কর এক স্কোয়াড নিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে ফ্রান্স।
শিরোপা সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের জয়ের সম্ভাবনা ১৩.৩ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করায় ইংলিশদেরও এবার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।
বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে আলোচনার কেন্দ্রেই। ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১১.১ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ১০.৫ শতাংশ।
বিশেষ করে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন রূপে বিশ্বকাপে নামবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা এখনও ভরসা রাখছে ২০২২ বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ অনেক ফুটবলারের ওপর।
এছাড়া পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডকেও সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ ও ৪.৮ শতাংশ।
সবমিলিয়ে, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জমে উঠেছে সম্ভাবনার লড়াই। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ হাসি কে হাসবে, সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।