ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৯ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সম্পাদক মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার (৮ মে) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায়ই বিনা কারণে বাংলাদেশিদের ওপর গুলি চালায়, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।
তিনি আরও জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়াও উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে ও এ ধরনের সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান।