রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে সম্ভাবনাময় খাতে রূপান্তরের মাধ্যমে বছরে প্রায় এক হাজার কোটি টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ মে) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত এনসিপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্জ্য কোনো বোঝা নয়; বরং সঠিক ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি একটি লাভজনক সম্পদে পরিণত হতে পারে। এতে নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে বরং তাদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করা সম্ভব।’
আসিফ মাহমুদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বর্জ্য ব্যবস্থাপনার সফল মডেল রয়েছে। বাংলাদেশেও বাস্তবতার ভিত্তিতে একটি টেকসই মডেল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং স্বল্প সময়ের মধ্যেই সংগঠন মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে।’ এ সময় সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতৃত্ব বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন তিনি। কেন্দ্রনির্ভরতা কমিয়ে ওয়ার্ড ও থানা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
নতুন সদস্য সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোরবানির ঈদের পর ঢাকা উত্তর ও দক্ষিণে যৌথভাবে সদস্য সংগ্রহ সপ্তাহ পালন করা হবে। প্রতিটি ওয়ার্ডে বুথ স্থাপন করে নতুন সদস্য যুক্ত করে জনসম্পৃক্ততা বাড়ানো হবে।’
সংগঠন সম্প্রসারণে সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি বা অনৈতিক কার্যক্রমে জড়ানো যাবে না। এনসিপির ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার আহ্বান জানান তিনি।’