ঢাকার মিরপুরে অবস্থিত শাহ আলী মাজার এলাকায় বৃহস্পতিবার (১৪ মে) সংঘটিত হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। শনিবার (১৬ মে) এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব (দপ্তর সম্পাদক) আবদুল্লাহ আল মনসুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের হামলা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয় এবং সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য হুমকি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মতপার্থক্য বা ভিন্নমত চর্চাকে কেন্দ্র করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাজারকে কেবল ধর্মীয় উপাসনার স্থান হিসেবে নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির উন্মুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলা জরুরি।
এতে আরও বলা হয়, যুগ যুগ ধরে এ ধরনের স্থান সমাজে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক সংযোগের প্রতীক হিসেবে ভূমিকা রেখে আসছে।
এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী ও ভক্তদের জন্য মাজার এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও সহনশীল পরিবেশ হিসেবে গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সব শ্রেণি-পেশার মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।