বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’-এর বাংলাদেশ প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।
এতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
এ ছাড়া নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করা হয় ও ভবিষ্যতেও দলটি গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ তাদের সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করবে।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।