বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন, দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তবে এই নিয়োগের বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ভাষ্যমতে, ৬৭ বছর বয়সি এই কর্মকর্তা আগে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং অবসরের পরও একটি নির্দিষ্ট কমিটির পদে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদটি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনাসহ স্পর্শকাতর কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এমন একজন ব্যক্তির অধীনে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব নয় দাবি করে অবিলম্বে এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আহ্বান জানায় জামায়াত।