বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, দল বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় নন এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায় সংগত জানিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রিজভী।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের আচরণে মনে হয় তারা গরীব শিক্ষকদেরকে দেশের নাগরিক মনে করে না।
বিগত ২৩ দিন ধরে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছে।