প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।’
কারো নাম না নিয়ে তিনি বলেন, “কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উসকানিমূলক কথাবার্তা। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উসকানিমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলতেছে।’
তিনি আরও বলেন, ‘তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু ইরিটেটেড হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন।’
এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া মঙ্গলবারের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করার চেষ্টা করে, তবে তার দায় তাকেই নিতে হবে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।’
যে কোনো ধরনের উসকানিতে কান না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান, নিজেদেরকে যে কোনো উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, তারা কোনো প্ররোচনায় পা দেবে না।’