ঢাকা-৮ আসন
ঢাকা-৮ আসনে ভোটকেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
মির্জা আব্বাস দাবি করেন, তার নির্বাচনী এলাকায় জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘ফকিরাপুল ও আরামবাগের বিভিন্ন মেস ও হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তারা ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’
তিনি আরও দাবি করেন, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত সাতটি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিএনপি কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে বলে জানান। কয়েকজনকে ধরে রমনা থানায় দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিজের আসন নিয়ে আগে থেকেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ছক কষা হয়েছে বলে দাবি করে মির্জা আব্বাস বলেন, আমি বারবার কারচুপির আশঙ্কার কথা বলে আসছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’