পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের জন্য সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা থাকলেও ফরাসি লিগ লিগ ওয়ান-এ এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। তবু সতীর্থদের স্বস্তির জন্য ব্যতিক্রমী উদ্যোগের কারণে প্রশংসা কুড়িয়েছেন অ্যান্থনি লোপেজ।
গত রোববার এফসি নঁতে ও লে হাভরের ম্যাচের ৭৪ মিনিটে সূর্যাস্তের সময় লোপেজ হঠাৎ হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। তার অস্বস্তি লক্ষ্য করে চিকিৎসক দল মাঠে প্রবেশ করলে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।
এই বিরতিতে নঁতের একাধিক মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সেরে নেন। পরে লোপেজ আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে খেলায় অংশ নেন।
বিদেশি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফরাসি ফুটবলে ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। তাই আনুষ্ঠানিক বিরতি না থাকায় এমন কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের জন্য স্বল্প বিরতির অনুমতি দিচ্ছে। গোলকিপার বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে পানীয় বা খাবার গ্রহণ করতে পারেন।
ম্যাচে ২-০ গোলের জয় পায় নঁতে। ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা ১৭তম স্থানে অবস্থান করছে, রেলিগেশন জোনেই। বিপরীতে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে লে হাভরে।