ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখতে কঠিন লড়াইয়ের মধ্যেই জয় তুলে নিয়েছে আর্সেনাল। ব্রাইটনের মাঠে প্রায় পুরো ম্যাচে চাপে থেকেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে মূল্যবান তিন পয়েন্ট পেয়েছে মিকেল আর্টেটার দল।
বুধবারের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় গানাররা। খেলার নবম মিনিটে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে এসে শট নেন বুকায়ো সাকা। শটটি ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে ফেললে গোলরক্ষক বার্ট ভেরব্রুখেন পা দিয়ে ঠেকাতে গিয়ে ব্যর্থ হন। সেই বল জালেই জড়িয়ে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফল।
গোল পাওয়ার পরও স্বস্তিতে থাকতে পারেনি আর্সেনাল। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাইটন। বল দখলে ৫৮ শতাংশ সময় তাদের নিয়ন্ত্রণ ছিল এবং তারা মোট ১৩টি শট নেয়। অন্যদিকে আর্সেনাল নেয় মাত্র ৪টি শট, যার মাত্র দুটি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই বড় ভুল করেছিলেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। সতীর্থকে পাস দিতে গিয়ে বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। ফাঁকা গোল লক্ষ্য করে নেওয়া শটটি শেষ মুহূর্তে গোললাইন থেকে ক্লিয়ার করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। সেই মুহূর্তে গোল হয়ে গেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
বিরতির পরও চাপ কমেনি আর্সেনালের ওপর। সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ব্রাইটন একের পর এক আক্রমণ সাজালেও শেষ পর্যন্ত জাল খুঁজে পায়নি তারা। এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করল আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।