ইংলিশ প্রিমিয়ার লিগে মাইকেল ক্যারিকের অধীনে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের দলে পরিণত হওয়া নিউক্যাসলের বিপক্ষেই হেরে গেছে দারুণ ফর্মে থাকা রেড ডেভিলরা।
ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড। ফাউলের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন র্যামসি। একজন কম নিয়ে খেললেও আক্রমণাত্মক মনোভাব হারায়নি দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন অ্যান্টনি গর্ডন।
তবে সেই যোগ করা সময়েই ম্যাচে সমতা ফেরে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের নেওয়া ফ্রি কিক থেকে হেডে বল জালে পাঠান কার্লোস ক্যাসেমিরো।
বিরতির পর দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ের আগে আর গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ম্যাচের ৯০ মিনিটে বদলি হিসেবে নামা ওসুলা গোল করে নিউক্যাসলকে আবারও এগিয়ে দেন। তার ওই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই হারের পর ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে নিউক্যাসেল।