ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মধ্য সপ্তাহের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে। ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে সিটি।
ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক ভলিতে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যান্টোনি সেমেনিও। তবে বিরতির পর ম্যাচে ফিরতে দেরি করেনি নটিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই গিবস হোয়াইট গোল করে সমতা ফেরান। এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটির। গোল হজমের ছয় মিনিট পর, অর্থাৎ ৬২ মিনিটে রদ্রির গোলে আবারও এগিয়ে যায় তারা।
কিন্তু লিড ধরে রাখতে পারেনি গার্দিওলার দল। ম্যাচের ৭৬ মিনিটে অসাধারণ এক গোল করে নটিংহ্যাম ফরেস্টকে আবারও সমতায় ফেরান এলিয়ট অ্যান্ডারসন। বাকি সময়ে দুই দলই চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এই ড্রয়ের পর ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। আর ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট।