দীর্ঘদিন পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত দামে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা।
আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, টিকিট কেনার একমাত্র মাধ্যম হবে অনলাইন। আগ্রহীরা (www.gobcbticket.com.bd) ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের মধ্যে সবচেয়ে কম দাম রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।
এছাড়া আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে খরচ হবে ১ হাজার ২০০ টাকা।
সবচেয়ে বেশি দাম নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে। এই গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে দর্শকদের গুনতে হবে ২ হাজার টাকা।