ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকতউল্লা বুলু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে ক্লাবটির ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর সভাপতিসহ পরিচালনা পর্ষদের মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী সোমবার (৯ মার্চ) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
সভাপতি পদের জন্য শুরুতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক এবং সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বরকতউল্লা বুলু। অন্যদিকে পরিচালক পদের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্য থেকে ১২ জন প্রার্থী প্রত্যাহার করে নেন। ফলে পরিচালক পদেও ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল বলেন, সভাপতি পদের তিন প্রার্থীর মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে পরিচালক পদের ২৮ প্রার্থীর মধ্যে ১২ জন সরে দাঁড়ানোয় বাকি ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ পরিচালক হলেন— লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।