টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আহমেদাবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ভারতের একাদশ নিয়ে মত দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি ভারতের দলে দুটি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।
চলতি টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ওপেনার অভিষেক শর্মা। ছয় ইনিংসে করেছেন মাত্র ৮৯ রান। অথচ বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ফাইনালের একাদশ থেকে অভিষেককে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।
গাভাস্কার বলেন, ‘এটি খুব কঠিন সিদ্ধান্ত। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। কিন্তু সে তার আউট থেকে শিক্ষা নিচ্ছে না। একই জায়গায় হাতের মাঝে জায়গা তৈরি করে খেলতে গিয়ে আউট হচ্ছে। বোলাররাও তার সেই দুর্বল জায়গাকে লক্ষ্য করে বল করছে।’
তিনি আরও বলেন, ‘আমার উদ্বেগ হচ্ছে- হয়তো সে এখনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে না, অথবা নিজের খেলার ধরন পরিবর্তন করতে পারছে না।’
অভিষেকের জায়গায় ওপেনিংয়ে ইশান কিষাণকে দেখতে চান গাভাস্কার। তার মতে, সঞ্জু স্যামসনের সঙ্গে ইশান কিষাণ ওপেনিং করলে দল উপকৃত হতে পারে। একই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে দলে রিংকু সিংকে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘আমি ইশান কিষাণকে সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনিংয়ে দেখতে চাইব। পাশাপাশি রিংকু সিং দলে আসতে পারে। রিংকুর সেই বিশ্বাস আছে। আপনি হয়তো তার শরীরে সৃষ্টিকর্তার পরিকল্পনা ট্যাটু দেখেছেন। অনেক সময় ক্রিকেটারদের জন্য কিছু বিষয় সত্যিই এভাবেই কাজ করে।’
স্পিন বিভাগেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন গাভাস্কার। চলতি বিশ্বকাপে খুব একটা ছন্দে নেই রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। তাই ফাইনালে তাকে বিশ্রাম দিয়ে কুলদীপ যাদবকে একাদশে নেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
গাভাস্কার বলেন, ‘আরেকটি পরিবর্তন আমি বিবেচনা করব, কুলদীপ যাদব। এই মুহূর্তে বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাসে কিছুটা চিড় দেখা যাচ্ছে।’
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত শেষ পর্যন্ত কী ধরনের একাদশ নিয়ে মাঠে নামে, সেটাই এখন দেখার বিষয়।