টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মধ্য দিয়ে ভারত একসঙ্গে পাঁচটি বড় রেকর্ড গড়ে দিয়েছে, যা আগে কখনও হয়নি।
একনজরে পাঁচটি রেকর্ড:
১. তিনবারের চ্যাম্পিয়ন – বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। প্রথম জয় ২০০৭ সালে, এরপর ২০২৪ এবং সর্বশেষ ২০২৬ সালে। এর আগে ইংল্যান্ড (২০১০ ও ২০২২) এবং ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬) দুইবার জয় পেয়েছিল।
২. টানা দুই আসরে শিরোপা – টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা ধরে রাখতে পারেনি। ভারত প্রথম দল হিসেবে ২০২৪ এবং ২০২৬ সালে এটি করে দেখাল।
৩. ঘরের মাটিতে বিশ্বকাপ জয় – ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হলো ভারত। আগে কোনো দল ঘরের মাটিতে ফাইনাল খেললেও জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা ফাইনাল খেলেও জয় লাভ করতে পারেনি।
৪. সব ফরম্যাট মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশীয় দল – ভারতের সংগ্রহে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া (মোট সাতটি: ছয়টি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি)।
৫. টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয় – ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টানা তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য দেখিয়েছে ভারত।