চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ও প্রতিযোগিতার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে বড় সুবিধা নিয়ে দ্বিতীয় লেগের অপেক্ষায় আছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ের নায়ক উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে, যিনি একাই করেছেন তিনটি গোল।
ম্যাচের আগে রিয়াল শিবিরে কিছুটা দুশ্চিন্তা ছিল। দলের দুই গুরুত্বপূর্ণ তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম চোটের কারণে মাঠের বাইরে থাকায় আক্রমণভাগ নিয়ে প্রশ্ন ছিল। তবে সেই শূন্যতা যেন একাই পূরণ করে দেন ভালভার্দে। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে প্রফেশনাল ক্যারিয়ারে প্রথম তিন গোলের কীর্তি গড়েন এই মিডফিল্ডার।
খেলার শুরুতে বল দখলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। মাঝমাঠে পাসের দাপট দেখিয়ে রিয়ালের ওপর চাপ তৈরির চেষ্টা করে সফরকারীরা। কিন্তু কার্যকর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পেপ গার্দিওলার দল। ২০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে ভালভার্দের পা থেকে। দ্রুতগতিতে বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি।
গোলের রেশ কাটতে না কাটতেই আবারও আঘাত করে রিয়াল। ২৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভালভার্দে। প্রথমার্ধের শেষদিকে আবারও জ্বলে ওঠেন উরুগুয়ের এই তারকা। ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজের ভাসানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ এক ভলিতে বল জালে পাঠান। তাতেই পূর্ণ হয় তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং ব্যবধান দাঁড়ায় ৩-০।
বিরতির পরও আক্রমণের ধার থামায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি পায় লস ব্লাংকোসরা। ছন্দে না থাকা ভিনিসিয়ুস স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন। এর পর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও সিটির গোলরক্ষক ডোনারুমা দারুণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটিকে। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। দুই দলের ফিরতি লড়াই অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে।