কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি ও ন্যাশভিল এসসি। ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ছিলেন একেবারেই সাদামাটা।
আজ বৃহস্পতিবার ভোরে হওয়া এই ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে তারা ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে। তবে আক্রমণের দিক থেকে তুলনামূলক বেশি তৎপর ছিল স্বাগতিক ন্যাশভিল। মায়ামি যেখানে মোট পাঁচটি শট নেয় এবং তার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে, সেখানে ন্যাশভিল নেয় ১১টি শট, যার পাঁচটি ছিল গোলমুখে।
ম্যাচের ৫৫ মিনিটে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন লিওনেল মেসি। বাঁ দিক দিয়ে এগিয়ে এসে জোরালো শট নেন তিনি, কিন্তু ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক চমৎকার দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন। ম্যাচে এটিই ছিল মেসির একমাত্র লক্ষ্যে রাখা শট। ৬৫ মিনিটে ন্যাশভিল পায় ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ। কর্নার থেকে আসা বল হেড করেন রিড বেকার-হোয়াইটিং। তবে বলটি ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলের সেই সম্ভাবনাও নষ্ট হয়।
ন্যাশভিলের বিপক্ষে অতীতে দারুণ ফর্মে ছিলেন মেসি। ২০২৪ সালের এপ্রিল থেকে এই প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। সেই সময়ে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও পাঁচটি গোল।
তবে এবার গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মায়ামিকে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই এখন গড়াবে দ্বিতীয় লেগে। ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে, যেখানে ন্যাশভিলকে আতিথ্য দেবে মেসির মায়ামি।