বিস্তারিত আলোচনার পর প্রথম নারী প্রিমিয়ার লিগের আয়োজন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট শুরু হবে জুলাই মাসে। নতুন সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিবি জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তুতির সুবিধার জন্য টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। এতে দলগুলোর স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার আনা এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিকল্পনা সাজানোর যথেষ্ট সময় মিলবে।
এই বছরের নারী বিপিএলে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, যেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের নতুন সময়সূচি আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। বিশেষ করে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।