৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর মাঠে উদযাপনের ঝলক দেখান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভারতের পতাকা সঙ্গে নিয়ে উদযাপন করতে গিয়ে হঠাৎই তীব্র সমালোচনার মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
ফাইনাল উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় তিনি পতকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন। পুনের ওকিল ওয়াজিদ খান শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা বুধবার (১১ মার্চ) এনডিটিভিকে নিশ্চিত করেছেন যে, এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন।
ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। পান্ডিয়ার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’
পাতাকা অবমাননার অভিযোগ নিয়ে শিবাজি নগর থানায় ওয়াজিদ প্রথমে অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে চায়নি। পরে পুনের উকিল যুক্তি দেখিয়ে থানায় মামলার কার্যক্রম শুরু করেন। ওয়াজিদ বলেন, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু পান্ডিয়ার বিরুদ্ধে যখন শিবাজি নগর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তারা বলেছিল, ‘ঘটনাটি এখানে ঘটেনি। অন্য কোথাও ঘটেছে।’ তখন আমি বললাম, ‘জাতীয় পতাকা পুরো দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানাতেও অভিযোগ করতে পারি।’ তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। এখন দেখা যাক কী হয়।’