ইতিহাদে আজ এক কঠিন মিশনের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়াতে হলে ইতিহাস গড়তে হবে তাদের। প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদের মতো দল, তখন কাজটা যে কতটা কঠিন; তা ভালোভাবেই জানেন কোচ পেপ গার্দিওলা।
তবুও হাল ছাড়তে নারাজ সিটি কোচ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শিষ্যদের বিশ্বাস জোগাতে গার্দিওলা বলেন, ‘ফুটবলে অনেক কিছুই হতে পারে।’ এমনকি প্রতিপক্ষ রিয়ালের ঘুরে দাঁড়ানোর পুরনো নজির টেনে এনে নিজের দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন তিনি।
তবে সিটির জন্য দুশ্চিন্তার কারণও কম নয়। ইনজুরি কাটিয়ে ফিরেছেন রিয়ালের গুরুত্বপূর্ণ তিন তারকা - কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও আলভারো কারেরাস। তিনজনই স্কোয়াডে আছেন এবং শুরুর একাদশেও দেখা যেতে পারে তাদের। ফলে প্রথম লেগের তুলনায় আরও শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা।
সান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে এই তিনজনকে ছাড়াই ৩-০ গোলের জয় তুলে নিয়েছিল রিয়াল। সেই ম্যাচে আধিপত্য দেখিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যায় তারা। এর ওপর দুর্দান্ত ফর্মে আছেন ফেদে ভালভার্দে; সিটির বিপক্ষে হ্যাটট্রিকের পর সর্বশেষ ম্যাচেও গোল পেয়েছেন তিনি।
এমন বাস্তবতায় গার্দিওলা তার দলকে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন, ‘আমাদের ম্যাচের দিকে পূর্ণ মনোযোগ দেওয়া উচিত এবং জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। এরপর দেখা যাক কী হয়।’
তবে সিটির আক্রমণভাগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর্লিং হলান্ডের ফর্ম। সাম্প্রতিক সময়ে গোল খরায় ভুগছেন এই নরওয়েজিয়ান তারকা। শেষ ১৭ ম্যাচে মাত্র ৪ গোল, যা দলের জন্য বড় উদ্বেগ।
প্রিমিয়ার লিগেও ছন্দে নেই সিটি। বার্নাব্যুতে হারের পর সর্বশেষ ম্যাচে ওয়েস্টহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপার দৌড়েও পিছিয়ে পড়েছে তারা। এমন পরিস্থিতিতে নিজের খেলোয়াড়দের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন গার্দিওলা, ‘ওরা (সিটির ফুটবলার) যদি বিশ্বাস না রাখে, এটা ওদের সমস্যা। ওরা সবাই পরিণত। পারিশ্রমিক তো কম পায় না! ওদের যদি এই বিশ্বাস না থাকে, তাহলে বাড়ি ফিরে যাক, ঘরে থাকুক।’
রিয়ালের ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘মাদ্রিদ কি কখনও তাদের ইতিহাসে ঘুরে দাঁড়ায়নি? জানি না কতবার... ৫০ বার তো হবেই। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও তারা ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন। চেষ্টা তো করতে হবে, আমাদের হারানোর কী আছে!’
পরিসংখ্যানও সিটির বিপক্ষে কথা বলছে। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাই ইতিহাদে আজ শুধু জয়ের নয়, নিজেদের মান-সম্মান রক্ষার লড়াইয়েও নামছে গার্দিওলার দল।