চ্যাম্পিয়নস লিগের মঞ্চে আবারও একই গল্প। পাঁচ মৌসুমে চতুর্থবার দেয়াল হয়ে দাঁড়াল রিয়াল মাদ্রিদ, আর সেই দেয়াল টপকাতে ব্যর্থ হলো ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুর বড় ধাক্কার পর ইতিহাদ স্টেডিয়ামেও ভাগ্য বদলাতে পারল না পেপ গার্দিওলার দল। ২-১ গোলের হারে শেষ ষোলোর পথেই থামতে হলো সিটিকে, আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে পরের রাউন্ডে পা রাখল রিয়াল।
মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচটা ছিল শুরু থেকেই উত্তেজনায় ঠাসা। প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। মাঝমাঠ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাসে ফাঁকা জায়গায় বল পেয়ে যান ফেদে ভালভের্দে, কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন জিয়ানলুইজি ডোনারুম্মা।
ম্যাচের গতি বদলে যায় এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। ভিনিসিয়ুসের শট হাত দিয়ে ঠেকাতে গিয়ে অধিনায়ক বার্নার্দো সিলভাকে হারায় সিটি। সেই সুযোগে ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় রিয়াল। এই গোলে দুই লেগ মিলিয়ে মাদ্রিদের লিড দাঁড়ায় চার গোলে। তবে সিটি হাল ছাড়েনি। একের পর এক সুযোগ হাতছাড়া করার পর ৪১ মিনিটে আর্লিং হলান্ডের গোলে ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগে। গ্যালারিতেও তখন উত্তেজনার ঢেউ।
দ্বিতীয়ার্ধে নতুন চমক, প্রায় এক মাস পর মাঠে ফেরেন কিলিয়ান এমবাপ্পে। তার নামার পর ম্যাচে গতি আরও বাড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ইনজুরি টাইমে খুব কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস। এখন কোয়ার্টার ফাইনালে রিয়ালের সামনে অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখ কিংবা আটালান্টা। প্রথম লেগে ৬-১ গোলে এগিয়ে থাকায় জার্মানদেরই এগিয়ে রাখছেন সবাই।
অন্য ম্যাচে, এমিরেটস স্টেডিয়ামে নিজেদের শক্তি দেখিয়েছে আর্সেনাল। বায়ার লেভারকুসেনের বিপক্ষে কোনো ভুল করেনি তারা। ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে নিশ্চিত করেছে শেষ আটের টিকিট।