অ্যানফিল্ডে ফিরতি লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিভারপুল। আর্নে স্লটের দল বল দখল ও আক্রমণে ছিল অনেকটাই এগিয়ে। ম্যাচের ২৫ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন সোবোসলাই। প্রথমার্ধে আরও সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা; এমনকি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ সালাহ। তবুও খেলার নিয়ন্ত্রণ পুরো সময়জুড়ে ছিল লিভারপুলের হাতেই।
তবে দ্বিতীয়ার্ধে লিভারপুল যেন আরও ভয়ংকর হয়ে ওঠে। ৫১ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান হুগো একিটিকে। এক মিনিট পরই রায়ান গ্রাভেনরার্খ গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন। এরপর ৬২ মিনিটে দারুণ এক শটে নিজের গোলের খাতা খুলে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন সালাহ।ক
পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে ৩২টি শট নেয় লিভারপুল, যার ১৬টি ছিল লক্ষ্যে; যা তাদের দাপটই প্রমাণ করে। একপেশে এই পারফরম্যান্সে শেষ আটে উঠার পথে শক্ত বার্তাই দিল ইংলিশ জায়ান্টরা।