দ্য হান্ড্রেডে ম্যাচের দিনই বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে গুনতে হলো ১ হাজার ১০০ পাউন্ড জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকার সমান।
ঘটনাটি ঘটে গত বছরের ২৪ আগস্ট। স্টাফোর্ডশায়ারের একটি সড়কে ৭০ মাইল গতিসীমা অতিক্রম করে ঘণ্টায় ৯৩ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন ডাকেট। সেই সময় পুলিশের স্পিডগানে ধরা পড়েন তিনি। একই দিনে দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ম্যাচেও খেলেন এই বাঁহাতি ব্যাটার।
শুরুতে অভিযোগটি অস্বীকার করলেও শেষ পর্যন্ত আদালতে গিয়ে ভিন্ন চিত্র দেখা যায়। শুনানিতে বিচারক মিশেল ফস্টার তার ড্রাইভিং লাইসেন্সে চার পেনাল্টি পয়েন্ট যোগ করেন। পাশাপাশি তাকে ৭০০ পাউন্ড জরিমানা, ১২০ পাউন্ড খরচ এবং ২৮০ পাউন্ড ভিকটিম সারচার্জ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্টাফোর্ডশায়ার পুলিশের পাঠানো লিখিত নোটিশের পর শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করে নেন ডাকেট। আদালতের নির্দেশনা অনুযায়ী এখন তাকে জরিমানার পুরো অর্থ পরিশোধ করতে হবে।
মাঠের পারফরম্যান্সে দারুণ ধারাবাহিকতা থাকলেও মাঠের বাইরে এমন ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়লেন এই ইংলিশ তারকা। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৪৩ টেস্টে ৩৯.৯২ গড়ে ৩০৭৪ রান করেছেন তিনি। এছাড়া ৩৪ ওয়ানডেতে করেছেন ১৩৪৫ রান এবং ২১ টি-টোয়েন্টিতে ১৫৩.১৯ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৫২৭ রান।