ডার্বি ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর সমর্থকদের ঢল। কিন্তু পেরুর রাজধানী লিমায় সেই আবেগই রূপ নিল বিশাল এক আতঙ্কে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে জমে ওঠা বিশাল সমাবেশ হঠাৎ করেই পরিণত হয় এক ভয়াবহ ঘটনায়! প্রাণ হারান একজন, আহত হন অন্তত ৪৭ জন।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো গণমাধ্যমকে বলেন, ‘স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যাতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।’ তবে কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
ঘটনাস্থল লিমা শহরের লা ভিক্টোরিয়া জেলার মাতুতে মহল্লা। এখানেই অবস্থিত এস্তাদিও আলেহান্দ্রো ভিলানুয়েভা, যা ফুটবলপ্রেমীদের কাছে ‘মাতুতে’ নামেই বেশি পরিচিত। এটি পেরুর জনপ্রিয় ক্লাব আলিয়াঞ্জা লিমার হোম গ্রাউন্ড। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ডার্বিকে ঘিরে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ঢল নামে। আর সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রাথমিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্টেডিয়ামের দেয়ালের একটি অংশ ধসে পড়ার কারণেই হতাহতের ঘটনা ঘটে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে আলিয়াঞ্জা লিমা কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, স্টেডিয়ামের কোনো অংশই ধসে পড়েনি।
ঘটনার পরপরই পুরো লিমা শহরজুড়ে জরুরি তৎপরতা শুরু হয়। আহতদের দ্রুত চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা খতিয়ে দেখবে, ঠিক কীভাবে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো।