নতুন ঠিকানায় যাত্রা শুরু করল ইন্টার মায়ামি, আর সেই মঞ্চটা হয়ে উঠল একেবারে উৎসবের। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এতদিন হোম ম্যাচ খেলেছে চেজ স্টেডিয়ামে, তবে এবার তাদের নতুন ঘর ‘নু স্টেডিয়াম’। রোববার (৪ এপ্রিল) অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়েই ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই মাঠের উদ্বোধন হলো।
এই স্টেডিয়ামটা বিশেষ করে আরও এক কারণে, দলপতি লিওনেল মেসির জন্য এটি আলাদা সম্মানের জায়গা। স্টেডিয়ামের নির্দিষ্ট কিছু অংশ তার নামে নামকরণ করা হয়েছে ‘মেসি স্ট্যান্ড’ হিসেবে, যা নতুন এই ভেন্যুকে দিয়েছে বাড়তি আকর্ষণ।
আর নিজের এই ‘বিশেষ’ মাঠেই প্রথম ম্যাচে গোল করে স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন মেসি। তবে ব্যক্তিগত সাফল্যের পরও দলগতভাবে জয় তুলে নিতে পারেনি মায়ামি। অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। মায়ামির অন্য গোলটি এসেছে লুইস সুয়ারেজের পা থেকে, আর অস্টিনের হয়ে গোল করেছেন গুইলারমো বিরো ও জেডেন নেলসন।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির জন্য। মাত্র ৬ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন বিরো। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। ১০ মিনিটেই ডানপ্রান্ত দিয়ে আক্রমণ গড়ে ইয়ান ফ্রের ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মেসি। গোলরক্ষকসহ একাধিক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তার এই গোল গ্যালারিতে এনে দেয় উচ্ছ্বাস। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় অস্টিন। মাঝমাঠে মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। একাধিক পাসের পর মিরতো উজুনির বাড়ানো বল থেকে জেডেন নেলসন একা গোলরক্ষককে পেয়ে সহজেই জাল খুঁজে নেন। তবে শেষ পর্যন্ত হার এড়ায় মায়ামি। ৮২ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে আবারও সমতায় ফেরান দলকে। অবশ্য জয়টা পেতেই পারত তারা। ৬৪ মিনিটে মেসির দারুণ পাস পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন আলেন্দে। তার দুর্বল শট অনায়াসেই ধরে ফেলেন প্রতিপক্ষ গোলরক্ষক।