সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফের বিসিবি নির্বাচনের প্রক্রিয়া ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে নতুন দাবি তুলেছেন। আজ রোববার (৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার জন্য একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।
আসিফ মাহমুদ জানান, ওই ক্রিকেটার সম্প্রতি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ-এর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার জন্য পাপনকে অনুরোধ জানান।
আরেক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরবর্তী বোর্ডে পদ লাভের লোভ দেখিয়ে, রাজি না হলে পদত্যাগ করাচ্ছেন। তিনি লিখেছেন, ‘বিসিবি নির্বাচনের সময় আগেও বিরাট কোহলি-র মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয় জানিয়েছিলাম। অবৈধভাবে বোর্ড ভাঙার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইনান্সিয়াল ব্যান বা অন্য ব্যবস্থা যেন নেওয়া না হয়, সেটা নিশ্চিত করার জন্য জয় শাহকে অনুরোধ করা হয়। ইতোপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার নজির আছে।’

এছাড়া আসিফ মাহমুদ বলেন, ‘আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকায় বিসিবি নিয়ে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারো পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির খবর শুনে মনে হলো, দেশবাসীর জানা থাকা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।’
এর আগে আজ রোববার সকালে আসিফ মাহমুদ এনএসসি তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ‘এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়।’