বাংলাদেশ জাতীয় দলে একসঙ্গে খেলার অপেক্ষায় থাকা দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ এবার মুখোমুখি হতে যাচ্ছেন ইংল্যান্ডের ক্লাব ফুটবলে। আগামী ২২ সেপ্টেম্বর ইএফএল ট্রফিতে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে এই দুই ফুটবলারকে।
কিং পাওয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। লেস্টার সিটির জার্সিতে খেলবেন হামজা চৌধুরী, আর ফুলহ্যামের হয়ে মাঠে নামবেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। নিজের ফেসবুক পেজে ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান।
ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপজয়ী হামজা বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার নাম। অন্যদিকে ফুলহ্যামের একাডেমিতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন ফারহান, যাকে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখা হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে লাল-সবুজের জার্সিতে একসঙ্গে খেলার আগে ইংল্যান্ডের মাটিতে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হবে দুই প্রবাসী ফুটবলারের।