অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দল শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ডপ্রবাসী তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাসকে জাতীয় দলে যুক্ত করতে তাকে দেশে আনা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই তার বাংলাদেশে পৌঁছানোর কথা জানিয়েছে বাফুফে।
সোমবার বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। ইতোমধ্যে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ক্যাম্পও শুরু হয়েছে।
১৯ বছর বয়সী অ্যাডাম আব্বাসের ফুটবল ক্যারিয়ারে রয়েছে ইংল্যান্ডের দুই পরিচিত ক্লাবের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল এবং বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েই কয়েক মাস আগে যোগাযোগ শুরু করে বাফুফের টেকনিক্যাল টিম।
আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।