এফএ কাপের জমে উঠেছে লড়াই। শিরোপা নির্ধারণে আর মাত্র তিনটি ম্যাচ বাকি, আর তার আগে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের চার দল ও ম্যাচআপ। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা এখন আরও উত্তেজনার।
সেমিফাইনালের মঞ্চে ম্যানচেস্টার সিটির সামনে চ্যালেঞ্জ সাউদহ্যাম্পটন। অন্যদিকে চেলসি মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে বসবে এই দুই মহারণ।
আর্সেনালের বিপক্ষে অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে সাউদহ্যাম্পটন। শনিবার সন্ধ্যায় গানারদের তারা ২-১ গোলে হারায়। এরপর গতকালের ড্র শেষে নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের বিপক্ষে তাদের লড়াই।
সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি দেখিয়েছে দাপট, ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। টানা চতুর্থ মৌসুমে ফাইনালে ওঠার হাতছানি এখন তাদের সামনে। ২০২৩ সালে শেষবার শিরোপা জেতা দলটি এরপর ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। অন্যদিকে, ১৯৭৬ সালের পর আবারও ট্রফির স্বপ্নে বিভোর সাউদাম্পটন।
চেলসি তাদের শক্তির প্রমাণ দিয়েছে দারুণভাবে, ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্ত ভেলকে। লিডস ইউনাইটেডও এসেছে লড়াই করে, পেনাল্টি শুটআউটে ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়ে ৩৯ বছরের মধ্যে প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ইতিহাসও যেন এই লড়াইকে বাড়তি মাত্রা দিচ্ছে। ১৯৭০ সালের ফাইনালে লিডসের মুখোমুখি হয়েছিল চেলসি, যেখানে রিপ্লে ম্যাচ জিতে লন্ডনের ক্লাবটি তাদের আট এফএ কাপের একটি জিতেছিল।