ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। ক্লাবটির সহকারী কোচ পেপ লিন্ডার্স এই খবর নিশ্চিত করেছেন। ৩১ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তি শেষ হচ্ছে মৌসুম শেষে। নতুন চুক্তি না হওয়ায় তিনি ফ্রি এজেন্ট হিসেবে এতদিনের ক্লাব ছাড়বেন।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারানোর পর লিন্ডার্স বলেন, ‘প্রতিটি ভালো গল্পেরই একটা শেষ আছে। সামনে মাত্র ছয় সপ্তাহ। আশা করি এই সময়টা সে উপভোগ করবে এবং প্রাপ্য বিদায়টা পাবে।’
যদিও ম্যাচটিতে টাচলাইনে ছিলেন না ম্যান সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা, তিনি আগেই সিলভাকে ‘অপরিবর্তনীয়’ বলে আখ্যা দিয়েছেন। গার্দিওলার কোচিংয়ে সিটির সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন এই মিডফিল্ডার।
২০১৭ সালে মোনাকো থেকে প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ডে সিটিতে যোগ দেন সিলভা। ৯ বছরের ক্যারিয়ারে ৪৫০ ম্যাচ খেলে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি।
চলতি মৌসুমে সিটি ইতিমধ্যেই লিগ কাপ জিতেছে। ঘরোয়া ট্রেবল জয়ের লড়াইয়ে এখনো তারা সক্রিয়, যদিও প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে। এক ম্যাচ কম খেলে সিটির হাতে থাকা শেষ ৮ ম্যাচ এখনও ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রেখেছে।