ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না মোহাম্মদ শামি। সম্প্রতি আইপিএলে সানরাইজার্স হাইদরাবাদের বিপক্ষে লখনৌর জয়ের পর তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সরাসরি কারও নাম না দিলেও শামির মন্তব্য স্পষ্টভাবে নির্বাচক ও কোচদের দিকে ইঙ্গিত করেছে। তিনি বলেন, ‘আমি কোনো যন্ত্র নই। সবসময় একই পারফরম্যান্স করা সম্ভব নয়। আর কেউ আমার ভালো খেলা না দেখলে সেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই।’
রোববারের ম্যাচে শামি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ট্রাভিস হেড ও অভিশেক শর্মার মতো দুই বিধ্বংসী ওপেনারকে আউট করে তার নিয়ন্ত্রিত বোলিং সবাইকে মুগ্ধ করে। ম্যাচ শেষে শামি জানান, ফিট থাকতে এবং নিজের দক্ষতা ধরে রাখতে খেলায় নিয়মিত থাকা জরুরি, তাই ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলেছেন।
চোট থেকে ফেরার পর গত মৌসুমে তার আইপিএল খুব একটা ভালো যায়নি; ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট, ইকোনমিও ছিল বেশি। তবে এবার তিনি ভালো ছন্দে আছেন। শামি বলেন, ‘পারফরম্যান্সে ওঠানামা থাকতেই পারে, কিন্তু আমি সব সময় ভালো খেলতে চাইছি এবং গত কয়েক বছর ধরে ভালো খেলছি, যদিও সবাই সেটা লক্ষ্য করেনি।’
তিনি লখনৌ দল ও বোলিং কোচ ভরত অরুণের প্রশংসা করে বলেন, ‘আগে ভারতীয় দলে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কারণে বোঝাপড়া খুব ভালো। লখনৌ আমার দ্বিতীয় বাড়ি।’
শেষে শামি জানান, নির্বাচনের বিষয়ে ভাবেন না। নতুন বা পুরনো বল, উভয় ক্ষেত্রেই কঠোর পরিশ্রমই তার লক্ষ্য, এবং সব সময় চেষ্টা করেন কীভাবে দলের উপকারে আসা যায়।