স্পেন মিশর ম্যাচে আলোচনার কেন্দ্রে ফুটবল নয়, বরং বিতর্ক আর শাস্তির শঙ্কা। মিশরের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি এখন ছাপিয়ে গেছে গ্যালারির আচরণ, যা নিয়ে সরব হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
গত ৩১ মার্চ রাতে অনুষ্ঠিত এই ম্যাচে খেলায় যেমন উত্তেজনা ছিল, তার চেয়েও বেশি উত্তাপ ছড়িয়েছে দর্শকদের একাংশের আচরণ। ম্যাচের মাঝেই মিশরের মিডফিল্ডার হামদি ফাতহি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জনে নেমে আসে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্পেন। মাঠের লড়াই তখন একদিকে, গ্যালারিতে শুরু হয় আরেক বিতর্ক।
খেলা চলাকালীন স্প্যানিশ সমর্থকদের একটি অংশ থেকে মুসলিমবিদ্বেষী স্লোগান শোনা যায়, যা দ্রুতই পরিস্থিতিকে অস্বস্তিকর করে তোলে। স্টেডিয়াম কর্তৃপক্ষ একাধিকবার জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা দেয়, বিরতির সময়ও ঘোষণা করা হয়। কিন্তু তাতেও থামেনি সেই আচরণ!
ঘটনার পরপরই কঠোর অবস্থান নেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তারা জানায়, বর্ণবাদ বা যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’। একই সুর শোনা গেছে দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের কণ্ঠেও। তিনি এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি করেন।
এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতোমধ্যেই ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছে। ম্যাচের ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখে স্পেনের ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। সম্ভাব্য শাস্তির মধ্যে জরিমানা, দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজন কিংবা সংশ্লিষ্ট স্টেডিয়াম সাময়িকভাবে বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপও থাকতে পারে।
ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। বার্সেলোনার স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এই ইসলামবিদ্বেষী স্লোগানের উৎস ও জড়িতদের খুঁজে বের করতে। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ধর্ম নিয়ে কটূক্তি ‘অজ্ঞতা ও বর্ণবাদের বহিঃপ্রকাশ’।