ম্যানচেস্টার ইউনাইটেডে আরও এক বছর থাকছেন হ্যারি ম্যাগুয়ের। চুক্তি নবায়নের ফলে এই ইংলিশ ডিফেন্ডার ২০২৭ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন। কোচ মাইকেল ক্যারিক ম্যাগুয়েরের অভিজ্ঞতা রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চান, বিশেষ করে প্রধান ডিফেন্ডারদের চোটে বিকল্প হিসেবে।
এর আগে ম্যাগুয়েরকে ওয়েস্ট হ্যামসহ অন্যান্য ক্লাবে যাওয়ার গুঞ্জন ছুঁয়েছিল, কিন্তু নতুন চুক্তিতে আপাতত আলোচনা থেমেছে। ধারণা করা হচ্ছে বেতন কিছুটা কমিয়ে চুক্তি করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার শর্ত অনুযায়ী আয়ের সুযোগ বৃদ্ধি পেতে পারে।
২০১৯ সালে লেস্টার সিটি থেকে ৮০ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দেওয়া ম্যাগুয়ের বিশ্বরেকর্ড ট্রান্সফারের অংশ ছিলেন। গত মৌসুমে ফর্ম ও ইনজুরি কিছুটা বাঁধা দিলেও সুযোগ পেলে তিনি নিজের পেশাদারিত্ব প্রমাণ করেছেন। ইউনাইটেডের রক্ষণভাগে তার অভিজ্ঞতা লিসান্দ্রো মার্তিনেজ ও তরুণ ডিফেন্ডারদের পাশে ভারসাম্য তৈরি করবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।
প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে পিছিয়ে থাকা সত্ত্বেও ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে আর্সেনাল (৭০), এবং দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি (৬১) অবস্থান করছে।
সূত্র - বিবিসি