বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন নেতৃত্বে শুরু হলো আরেক অধ্যায়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত হওয়ার পর দেশের ক্রিকেটের হাল ধরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পরপরই দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকেও আসছে শুভেচ্ছা বার্তা।
ভারতের ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তামিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।’
তামিমের এই দায়িত্ব পাওয়া এসেছে বড় এক প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ ছিল, গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার।
এরপর নতুন করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটি আগামী তিন মাস বোর্ডের কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।