ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় কোচ কার্লো আনচেলত্তির ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখছে সেলেসাওরা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আনচেলত্তির মধ্যে নতুন চুক্তির সব শর্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা। ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই উভয় পক্ষ নতুন করে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একমত হয়েছে।
নতুন চুক্তি অনুযায়ী, আনচেলত্তির বার্ষিক পারিশ্রমিক ধরা হয়েছে ১০ মিলিয়ন ইউরো; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০ কোটি টাকা। এটি ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে কোনো কোচের জন্য সর্বোচ্চ বেতন। একই সঙ্গে তার কোচিং স্টাফদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। এই স্টাফে রয়েছেন সহকারী পল ক্লেমেন্ট ও ফ্রান্সিসকো মরি, ফিটনেস কোচ মিনো ফোলকো এবং পারফরম্যান্স বিশ্লেষক সিমোনে মন্টানারো।
চুক্তির কাঠামো করা হয়েছে দুই ধাপে। প্রথমে দুই বছরের চুক্তি, এরপর স্বয়ংক্রিয়ভাবে আরও দুই বছর নবায়নের সুযোগ। সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে চার বছরের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ব্রাজিল। গত মার্চে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আলোচনার বড় অংশ সম্পন্ন হয়। সেখানেই সিবিএফ সভাপতি স্যামির সৌদ-এর সঙ্গে বৈঠকে আনচেলত্তি মৌখিক সম্মতি দেন।
বর্তমানে আনচেলত্তি পরিবারসহ কানাডার ভ্যাঙ্কুভারে অবস্থান করছেন। ফলে চুক্তিটি ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করা হবে; যা এখন আন্তর্জাতিক ফুটবলে বেশ প্রচলিত। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে এখন পর্যন্ত আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হারে মিশ্র পারফরম্যান্স থাকলেও ভবিষ্যতের জন্য তাকে ঘিরেই বড় পরিকল্পনা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।