দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রবিবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। রাত ১১টা ৩৬ মিনিটের দিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য ভূকম্পন টের পান মানুষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহরের কাছাকাছি এলাকায়।
ভূমিকম্পের কেন্দ্র ভুটানে হলেও এর কম্পন ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও ভুটানজুড়ে। ফলে একাধিক দেশে মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেন।
রাজধানী ঢাকায় হঠাৎ ভবন দুলতে শুরু করলে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসেন। বিশেষ করে বহুতল ভবনগুলোতে বসবাসকারীদের মধ্যে উদ্বেগ বেশি দেখা যায়।
তবে রাত পর্যন্ত দেশের কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।