ইংলিশ ফুটবল লিগে (ইএফএল) আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ৬ পয়েন্ট কাটার বিরুদ্ধে করা আপিল খারিজ হয়েছে লেস্টার সিটির। এই সিদ্ধান্তের ফলে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হওয়া ক্লাবটি এখন চ্যাম্পিয়নশিপে টিকে থাকার কঠিন সংকটে পড়েছে।
২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগে গত মে মাসে লেস্টারের বিরুদ্ধে মামলা করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি স্বাধীন কমিশন লেস্টার সিটিকে ৬ পয়েন্ট জরিমানা করেছিল।
এর ফলে পয়েন্ট তালিকায় ১৭তম স্থান থেকে নেমে যায় ২০তম স্থানে। এখন মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচ বাকি থাকায় ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী ক্লাবটির রেলিগেশন শঙ্কা তীব্র।
আপিল খারিজ হওয়ার পর এক বিবৃতিতে লেস্টার সিটি জানিয়েছে, ‘বিষয়টির এখন নিষ্পত্তি হয়েছে এবং মৌসুমের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। ক্লাবের সবাই এখন মাঠের লড়াইয়ে ভালো ফল করে মৌসুম শেষ করার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছে। আমরা জানি এটি একটি কঠিন সময় ছিল এবং সমর্থকদের সমর্থনের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’
তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগের তিন বছরের লোকসানের সীমা ১০৫ মিলিয়ন পাউন্ড হলেও চ্যাম্পিয়নশিপ ক্লাবের জন্য এটি প্রতি মৌসুমে ১৩ মিলিয়ন পাউন্ড কম। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত লেস্টারের নির্ধারিত সীমা ছিল ৮৩ মিলিয়ন পাউন্ড, কিন্তু তারা ২০.৮ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত লোকসান করেছে। লেস্টার যুক্তি দিয়েছিল তাদের হিসাব ৩৬ মাসের বদলে ৩৭ মাসের ভিত্তিতে নেওয়া হয়েছে, কিন্তু কমিশন সেই যুক্তি নাকচ করেছে।
পয়েন্ট কাটার সিদ্ধান্তের পর থেকে লেস্টারের ফর্ম আরও খারাপ হয়েছে। সব প্রতিযোগিতায় গত ১২ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গ্যারি রোয়েট-এর অধীনে লেস্টার সিটি এখন টানা দ্বিতীয়বারের মতো রেলিগেশন এড়ানোর এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।