বাংলা নববর্ষের আবহে খেলাধুলাকে ঘিরে নতুন বার্তা দিলেন আমিনুল হক। তার মতে, উৎসব আর ক্রীড়ার মাধ্যমেই তরুণদের মধ্যে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তভাবে গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘উৎসব ও খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। সমাজের বিশৃঙ্খলা দূর করে একটি সুশৃঙ্খল পরিবেশ গড়তে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
লোকজ ঐতিহ্যকে সামনে এনে গ্রামীণ খেলাধুলাকে নতুন করে জনপ্রিয় করার কথাও জানান তিনি। ‘বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এই ধরনের ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে,’—যোগ করেন তিনি।
শুধু ঐতিহ্য নয়, ভবিষ্যতের দিকেও নজর দিচ্ছে সরকার। বিশেষ করে নারী ক্রীড়াবিদদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রীর ভাষায়, ‘নারী অ্যাথলেটদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।’ একই সঙ্গে নারী ক্রীড়া সংস্থার উন্নয়নেও বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।