ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়োর নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন লিওনেল মেসি। ‘রোনালদিনিয়ো: দ্য ওয়ান অ্যান্ড অনলি’ শিরোনামের এই ডকুমেন্টারিতে বার্সেলোনাতে নিজের শুরুর দিনের অভিজ্ঞতা তুলে ধরেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। সেখানে বলা তার একটি গল্প ভক্তদের গভীরভাবে নাড়া দিয়েছে।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে একসঙ্গে খেলেছেন মেসি ও রোনালদিনিয়ো। সেই সময় তাদের জুটি ছিল ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণ। দুজনের যুগলবন্দিতে এসেছে ৬৭টি গোল। তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও ড্রেসিংরুমে রোনালদিনিয়োর প্রভাব ছিল আরও বড়, বিশেষ করে তরুণ মেসির জন্য।
ডকুমেন্টারিতে মেসি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কীভাবে রোনালদিনিয়োর কাছ থেকে সমর্থন পেয়েছিলেন। মেসির ভাষায়, ‘ড্রেসিংরুমে তিনিই ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথম দিন থেকেই তিনি যেভাবে আমাকে গ্রহণ করেছিলেন, তা আমার জন্য সবকিছু সহজ করে দেয়। আমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ।’
ডকুমেন্টারিতে উঠে এসেছে মেসির প্রথম গোলের স্মৃতিও। ২০০৪-০৫ মৌসুমে এক ম্যাচে প্রথম গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। পরে রোনালদিনিয়োর নিখুঁত পাস থেকে নিজের প্রথম বৈধ গোলটি করেন মেসি। গোল করার পর রোনালদিনহো মেসিকে কাঁধে তুলে নেন; যা পরবর্তী সময়ে ফুটবল ইতিহাসের এক আইকনিক মুহূর্ত হয়ে ওঠে। সেই স্মৃতিকে ‘স্বপ্নের মতো’ বলে উল্লেখ করেছেন মেসি।
মেসি বলেন, ‘হয়তো সে ইচ্ছা করেই আমাকে গোলটা করাতে চেয়েছিল। তাকে যেভাবে চিনি, সেটা অসম্ভব কিছু নয়। সেই উদযাপনটা ছিল একদম স্বাভাবিক, কিন্তু আমার জন্য তা ছিল অবিশ্বাস্য এক স্বপ্ন।’
এই ডকুমেন্টারিতে আরও থাকছেন নেইমার, রবার্তো কার্লোস ও কার্লেস পুয়োলের মতো তারকারা, যারা রোনালদিনিয়োর সঙ্গে মাঠ ভাগ করেছেন।