কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ১০ গুণ বেশি দামে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি করে ইতোমধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। ফুটবল ভক্তদের একাংশ এই মূল্যবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিলেও এবার সেই সমালোচনার জবাব দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের টিকিট মূল্য নির্ধারণে স্থানীয় বাজারের বাস্তবতাই মূল কারণ বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
নিউইয়র্কে এক অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ ফিফার জন্য মূলত একমাত্র বড় আয়ের উৎস, যা চার বছর পরপর এক মাসে অনুষ্ঠিত হয়। সেই আয় দিয়েই পরবর্তী চার বছর বিশ্বের ফুটবল উন্নয়নে বিনিয়োগ করা হয়। তার ভাষায়, ‘বিশ্বকাপ থেকেই আমরা রাজস্ব পাই, আর সেই অর্থই ২১১টি দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।’
ইনফান্তিনোর এই ব্যাখ্যার পরও অবশ্য বিতর্ক থামেনি। অনেক সমর্থক ও বিশ্লেষক মনে করছেন, এত বড় ইভেন্টে টিকিটের মূল্য সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে, যা বিশ্বকাপের মূল আবহকে প্রভাবিত করতে পারে।
তবে ফিফার অবস্থান স্পষ্ট, বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের মাধ্যমেই তারা বৈশ্বিক ফুটবলের অবকাঠামো, উন্নয়ন প্রকল্প এবং সদস্য দেশগুলোর নানা কার্যক্রম চালিয়ে যায়।