যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের উইনউড এলাকার একটি দোকান থেকে হাজার হাজার ডলার মূল্যের ডিজাইনার পোশাক প্রায় তিন মাস ধরে চুরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ।
সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজে অপরাধ ধরা পড়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। চুরির কথা স্বীকার করায় আদালত তাকে জামিনে মুক্তি দেন।
শুক্রবার (১৯ জুন) টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পোশাকগুলো চুরি করে ২২ বছর বয়সী ধীর প্যাটেল পালিয়ে যাননি। বরং ৩০ মার্চ থেকে গত সোমবার পর্যন্ত বারবার ওই দোকানে গিয়ে চুরি চালিয়ে যান।
মায়ামি পুলিশ বিভাগের তদন্তকারীরা জানিয়েছেন, ওই তরুণ মূলত দোকানটিতে পণ্য বিক্রি করতে যেতেন। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পণ্য বিক্রির আড়ালে পোশাক চুরি করে লুকিয়ে ফেলতেন তিনি।
দোকানের মালিক সম্প্রতি অত্যন্ত মূল্যবান কিছু পোশাক খুঁজে না পাওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে এই চুরির ঘটনা উদঘাটন করেন তদন্তকারীরা।
তারা জানান, ধীর প্রায় ৪১ হাজার ৫৫০ ডলার মূল্যের ডিজাইনার পোশাক চুরি করেন।
তবে দোকানমালিক লুই নেগ্রিচের হিসাব অনুযায়ী, চুরির অঙ্ক আরও বেশি।
নেগ্রিচ স্থানীয় সংবাদমাধ্যম ১০ নিউজকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৪১ হাজার ডলারের হিসাব দিয়েছিলাম। কিন্তু পরে পুরো হিসাব কষে দেখা যাচ্ছে, এটি প্রায় ৫৫ থেকে ৬০ হাজার ডলার।’
তিনি জানান, ধীর ওই দোকান থেকে মাঝেমধ্যে কিছু কেনাকাটাও করতেন। এ কারণে শুরুতে তাকে নিয়ে কারও মনে সন্দেহ তৈরি হয়নি।
মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারের পর অপরাধ স্বীকার করেন ধীর। তবে জনসাধারণের জন্য প্রকাশ করা পুলিশের প্রতিবেদনে তার সেই স্বীকারোক্তির অংশটুকু বাদ দেওয়া হয়েছে।
আদালতের রেকর্ড অনুযায়ী, ৫ হাজার ডলার মুচলেকা দিয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত তরুণ।