ইরানের সঙ্গে সংঘাতের অবসান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
শুক্রবার (১৯ জুন) এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স বলেন, ইসরায়েলসহ যেকোনো মিত্র দেশের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার চেষ্টা স্বাভাবিক। তবে মার্কিন নেতাদের অবশ্যই নিজেদের জাতীয় স্বার্থের দিকে নজর ধরে রাখতে হবে।
ভাইস প্রেসিডেন্ট বলেন, নীতিনির্ধারকদের অবশ্যই ‘অত্যন্ত সতর্ক’ হতে হবে, যাতে তারা এমন কোনো নীতি অনুসরণ না করেন, যা অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে, বরং তা যেন কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থেই কাজ করে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বুধবার রাতে সম্পাদিত সমঝোতা স্মারকের সমালোচনা করেছিলেন যেসব ইসরায়েলি কর্মকর্তা, তাদের প্রতি অসন্তোষ প্রকাশের পরই এ মন্তব্য করলেন ভ্যান্স।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এই সহযোগী এটিও নিশ্চিত করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সুস্পষ্ট মতপার্থক্য রয়েছে।