পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো- খাগড়াছড়ি জেলার মো. মহাসিন মিয়ার ছেলে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা আপন দুই ভাই। কয়েকদিন আগে খাগড়াছড়ি থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় জানান, বিকেলে শিশু দুটিকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’