গত বছরের শেষ দিকে তিন দিনের সফরে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। এবার সেই ধারাবাহিকতাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাইছে পাকিস্তান। এবার লক্ষ্য শুধু একজন তারকা নয়, পুরো আর্জেন্টিনা দলকে এনে একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করার কথা ভাবছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।
আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে ইতোমধ্যেই অনলাইন বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে।
সূত্র অনুযায়ী, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তারা শুধু সম্ভাব্য ফ্রেন্ডলি ম্যাচ নিয়েই নয়, আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে কোচিং উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এবং ফুটবল অবকাঠামো উন্নয়নের বিষয়।
এছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফদের একটি কাঠামোবদ্ধ উন্নয়ন প্রকল্পের আওতায় পাকিস্তানে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে, যা দেশটির ফুটবলের মান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
আর্জেন্টিনায় পাকিস্তানের মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এএফএ ‘এএফএ পাকিস্তান’ ব্র্যান্ড চালু করার পর দুই ফেডারেশনকে একটি ‘ফলপ্রসূ ও ভবিষ্যৎমুখী বৈঠকে’ একত্রিত করা হয়েছে। এই উদ্যোগকে দুই পক্ষই ইতিবাচকভাবে দেখছে।
বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। এতে অংশ নেন পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানি ও তার প্রতিনিধি দল, পাশাপাশি এএফএ-এর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেম্মি।
রাষ্ট্রদূত হাসান আফজাল খান বলেন, এই উদ্যোগ পাকিস্তানে ফুটবলের বিকাশে সহযোগিতা জোরদার করার ‘চমৎকার সুযোগ’ এনে দিয়েছে। অন্যদিকে গিলানি এএফএ-এর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য এই অংশীদারিত্বকে ‘কাঠামোবদ্ধ ও টেকসই উপায়ে’ এগিয়ে নেওয়া জরুরি।
সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত ফ্রেন্ডলি ম্যাচটি আগামী ফিফা বিশ্বকাপের পর অনুষ্ঠিত হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত চুক্তির আগে আরও বেশ কিছু ধাপ বাকি।