জার্মান বুন্দেসলিগায় আরেকটি অধ্যায় রচনা করল বায়ার্ন মিউনিখ। ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে লিগ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩৪তম শিরোপা ঘরে তুলেছে তারা। লিগ শেষ হওয়ার আগেই, হাতে চার ম্যাচ রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেল ভিনসেন্ট কোম্পানির দল।
শনিবার (১৮ এপ্রিল) বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ার পর বায়ার্নের সামনে সমীকরণটা সহজ হয়ে যায়। শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তারা কোনো হিসাব কষেনি, জয় দিয়েই উৎসব শুরু করেছে।
ম্যাচের শুরুটা অবশ্য বায়ার্নের পক্ষে ছিল না। ২১ মিনিটে এগিয়ে যায় স্টুটগার্ট, কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু সেই চাপ বেশিক্ষণ টিকতে দেয়নি বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে মাত্র ছয় মিনিটের ঝড়ে তিনটি গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাভারিয়ানরা।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আলফোনসো ডেভিস আরেকটি গোল যোগ করেন, যেখানে গোলরক্ষক আলেকজান্ডার ন্যুবেলের করার কিছুই ছিল না। বিরতিতে যাওয়ার আগেই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের ছাপ রাখতে দেরি করেননি হ্যারি কেইন। ৫২ মিনিটে লিওন গোরেৎসকার শটের রিবাউন্ড থেকে সহজ গোল করে ব্যবধান আরও বাড়ান তিনি, যা বায়ার্নের জয় নিশ্চিত করে দেয়। ম্যাচের ৮৮ মিনিটে স্টুটগার্ট দূরপাল্লার শটে একটি সান্ত্বনাসূচক গোল পেলেও তখন বায়ার্ন সমর্থকদের চোখে শুধু শিরোপা উদযাপনের আনন্দ।
এই জয়ের মাধ্যমে সবশেষ ১৪ মৌসুমে ১৩তম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। জার্মান ফুটবলে তাদের আধিপত্য যে এখনো অটুট।